Views Bangladesh Logo

রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘আরসার’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সেকেন্ড ইন কমান্ডসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ২ টি বিদেশি অস্ত্র, একটি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে তারা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উখিয়ার ২০ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আবুল হাসিম আরসার সেকেন্ড ইন কমান্ড, মো. আলম আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী এবং আলী জোহার আরসার পরিবহন শাখার কমান্ডার। এদের সকলের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কয়েকজন আরসা সদস্য ২০ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার মধ্যরাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তারা কৌশলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন র‍্যাব তিন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এবং অস্ত্র ও গুলি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব অধিনায়ক।

জানা গেছে, গত এক বছরে আরসার ১০১ জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। উদ্ধার করেছে ৭টি বিদেশী পিস্তল, ৫২টি দেশীয় তৈরি অস্ত্র, ১৪০ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ৫০.২১ কেজি বিস্ফোরক, ২৮ পিস ককটেল, ৪ পিস আইইডি, ১.৫ কেজি মার্কারী (পারদ)।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ