ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাই, পিস্তলসহ গ্রেপ্তার ৩
রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের ঘটনায় পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) ধানমন্ডি থানাধীন ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। সেই সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, ঘটনার দিন ধানমন্ডি লেক থেকে এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, একজন ভুক্তভোগী ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী মোটরসাইকেলে করে তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
তিনি জানান, ছিনতাইয়ের পর ভুক্তভোগী ছিনতাইকারীদের পেছনে ছুটতে থাকেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিনতাইকারী রাস্তায় ছিটকে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে পিস্তলসহ আটক করেন। পরে ৯৯৯ থেকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ধানমন্ডি থানাকে জানানো হয়।
আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল মজিবুর রহমান। পরে কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম।
তিনি আরও বলেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে পিস্তলসহ ছিনতাইকারী তানভীর আবেদীন জুয়েলকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার তানভীরকে সঙ্গে নিয়ে ধানমন্ডি থানার আরও কয়েকটি দল এবং ডিবি পুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে একই ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করে।
মতামত দিন