সাম্য হত্যা মামলায় তিন আসামির নতুন করে রিমান্ড
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় তিন আসামির পাঁচ দিন করে নতুন রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
শুক্রবার (২৩ মে) ঢাকা মহানগর হাকিম এমএ আজহারুল ইসলাম এই আদেশ দেন। পুলিশ প্রত্যেক আসামির সাত দিন করে রিমান্ড চাইলেও আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে পাঠানো তিন আসামি হলেন—তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।
১৩ মে রাজধানীর গ্রীন রোড ও রাজাবাজার এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর ১৭ মে তাদের ছয় দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন সাম্য।
পরদিন ১৪ মে তার ভাই শরিফুল ইসলাম শাহবাগ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে