বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
আম বয়ানের মধ্য দিয়ে আজ শুক্রবার থেকে টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী রবিবার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। এদিন জুমার আগে জুমার ফাজায়েলের ওপর ১০ মিনিট বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ। জুমার নামাজের পরে বয়ান করবেন শেখ মোফলে (আরবি) এবং তাৎক্ষণিক তা বাংলায় তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ্ মনসুর। আসরের পর বয়ান করবেন মাওলানা মোশাররফ আর মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ, তাৎক্ষণিক তা বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এসব তথ্য নিশ্চিত করেন।
এ উপলক্ষে তুরাগতীরে আবারও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, সৌদি আরব, কুয়েত, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লির ঢল নেমেছে। এর ফলে ভরে গেছে প্রায় পুরো ইজতেমা মাঠ।
এ প্রসঙ্গে বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, টঙ্গী বিশ্ব ইজতেমার এবারের দ্বিতীয় পর্বে ১২ থেকে ১৪ হাজার বিদেশি মেহমান যোগ দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রায় তিন হাজারের বেশি বিদেশি মেহমান এবং দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ টঙ্গীর ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।
এদিকে ইজতেমাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ওই এলাকায় সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা মোতায়েন থাকবেন।
গত ২ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয় ৪ ফেব্রুয়ারি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে