হাটহাজারীতে ২ মাসের শিশুকে আছড়ে হত্যা, বাবা গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারীতে তুচ্ছ ঘটনার জেরে দুই মাস বয়সী এক শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মেহেরা আক্তার। সে মো. ওসমান গনি (৩০) ও সুমাইয়া আক্তার দম্পতির সন্তান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওসমান গনি তার স্ত্রীর কোলে থাকা শিশুকে কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
পরে মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে স্থানীয়দের সহায়তায় হাটহাজারী মডেল থানা পুলিশ অভিযুক্তকে চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।
উপপরিদর্শক (এসআই) রূপেন নাথ জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে