Views Bangladesh Logo

শিরীন শারমিনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

লালবাগ থানার আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ জোন ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোহসীন উদ্দিন তার দুই দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করেন।

মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয় এবং পরে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা আন্দোলন চলাকালে রাজধানীর আজিমপুর সরকারি কলোনিতে ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মো. আশরাফুল ওরফে ফাহিম গুরুতর আহত হন এবং পরবর্তীতে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওই ঘটনায় ২০২৫ সালের ২৫ মে ভুক্তভোগী আশরাফুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিরীন শারমিন চৌধুরীসহ ১৩০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

মামলার এজাহারে শিরীন শারমিন চৌধুরীকে ৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে আন্দোলন চলাকালে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ