Views Bangladesh Logo

গাজীপুরে ২৯ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় আরও ২৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর মধ্যে শনিবার রাতে ১৩টি কারখানায় ছুটির সিদ্ধান্ত জানানো হয়। রোববার সকালে আরও ১৬টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, রোববার সকালে কয়েকটি এলাকায় শ্রমিকরা আন্দোলনের চেষ্টা করলে তাদের ‘হটিয়ে’ দেওয়া হয়।

তিনি বলেন, গতকাল রাতে (শনিবার রাত) ১৩টা কারখানায় বলে দিয়েছিল রোববার থেকে কারখানা ছুটি থাকবে। আজ সকালে আরও ১৬টি কারখানা ছুটি দিয়েছে।

সকালে কাজে যোগ দিতে এসে এসব কারখানার ফটকে বন্ধের নোটিস দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

বেতন বৃদ্ধির দাবিতে চলমান সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরে কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, শিল্প পুলিশের রিজার্ভ বাহিনী, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

চলমান অস্থিরতার মধ্যে পোশাক কারখানা মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে জানায়, কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু বলেন, ‘সার্বিক পরিস্থিতি ও শিল্পের সুরক্ষা পর্যালোচনা করে, সংশ্লিষ্ট অঞ্চলের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর মালিকরা এক কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সামগ্রিক নিরাপত্তা এবং উৎপাদন অনুকূল পরিবেশ বজায় না থাকায় এই কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না।’

‘ফলশ্রুতিতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবেন।’

শ্রম আইনের ১৩(১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন। এ ধরনের বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত মাসের শেষ দিকে পোশাক শ্রমিকরা আন্দোলনে নামেন। রাজধানীর মিরপুর, গাজীপুর, ঢাকার সাভার ও আশুলিয়া এবং নারায়ণগঞ্জে শ্রমিকদের এই আন্দোলন একপর্যায়ে সহিংস রূপ নেয়। এতে একজন শ্রমিকের মৃত্যু হয়।

শনিবারও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।

এদিকে, শ্রমিক বিক্ষোভের কারণে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা শনিবার বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। আরও সাতটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার পোশাক শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। সোমবার মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ