জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ শতাংশ স্নাতক বেকার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে ২৮ দশমিক ২৪ শতাংশই বেকার। বাকিদের মধ্যে অধিকাংশই স্বল্প আয়ের চাকরিতে নিযুক্ত। এছাড়াও নারী ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার তুলনামূলকভাবে বেশি। সারা দেশের ৬১টি কলেজের ১ হাজার ৩৪০ জন স্নাতক, ৬৭০ জন অধ্যয়নরত শিক্ষার্থী, ৬১ জন অধ্যক্ষ এবং ১০০ জন নিয়োগদাতার দেয়া তথ্য বিশ্লেষণ করে এই বিষয়টি নিশ্চিত করেছে করেছে একটি গবেষণা প্রতিষ্ঠান।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনে সংস্থাটির গবেষণা পরিচালক এস এম জুলফিকার আলী এসব তথ্য তুলে ধরেন।
গবেষণায় বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে বিজ্ঞান বিভাগের তুলনায় ব্যবসা শিক্ষা এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীর সংখ্যা বেশি। বিএ (পাস কোর্স), পলিটিক্যাল সায়েন্স, লাইব্রেরি ম্যানেজমেন্ট, বাংলা এবং ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে পাস করা শিক্ষার্থীদের বেকারত্বের হার বেশি। তবে ইংরেজি, অর্থনীতি, অ্যাকাউন্টিং, সোসিওলজি, ফাইন্যান্স এবং ব্যাংকিং থেকে পাস করা শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার তুলনামূলক কম।
গবেষণায় আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪৩ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী সরকারি চাকরি করতে আগ্রহী। এদের প্রায় ৩৬ শতাংশ শিক্ষকতা পেশায় যুক্ত এবং অনেকেই অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কর্মরত। উদ্যোক্তা হিসেবে কাজ করছেন ১৬ দশমিক ২৪ শতাংশ।
গবেষণায় সারা দেশের ৬১টি কলেজের ১ হাজার ৩৪০ জন স্নাতক, ৬৭০ জন অধ্যয়নরত শিক্ষার্থী, ৬১ জন অধ্যক্ষ এবং ১০০ জন নিয়োগদাতার দেয়া তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, কলেজগুলোর মানের ঘাটতি, শিক্ষার্থীদের কম উপস্থিতি, শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রণোদনার অভাব এবং চাকরির বাজারমুখী শিক্ষার অভাব বড় চ্যালেঞ্জ।
পাশাপাশি, গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থী এবং নারী শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়েছে গবেষণাটিতে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে