ঈদ যাত্রার ১৩ দিনে সড়কে ঝরল ২৮১ প্রাণ, আহত ৮৩৭
সদ্য সমাপ্ত ঈদুল-আজহার আগে ও পরে ১৩ দিনে সারা দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৮১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৮৩৭ জন।
বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশে প্রতিদিন গড়ে প্রায় ২২ জন করে মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
বরাবরের মতোই এবারের ঈদেও সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এই ১৩ দিনে সারা দেশে ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪৪ দশমিক ১২ শতাংশ। এছাড়া সড়ক দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন চালক ও পরিবহন শ্রমিক প্রাণ হারিয়েছেন।
সড়কপথের পাশাপাশি এ সময়ে নৌ ও রেলপথের দুর্ঘটনার চিত্রও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এই সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ২২টি রেল-দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন জানায়, দুর্ঘটনাকবলিত যানবাহনের সংখ্যা মোট ৫০৭টি। এর মধ্যে রয়েছে ৭৯টি বাস, ৬১টি ট্রাক, ১১টি কাভার্ড ভ্যান, ২৪টি পিকআপ, ৫টি ট্রলি, ২টি লরি, ৭টি ড্রাম ট্রাক, ১টি ফায়ার সার্ভিসের গাড়ি, ১টি গ্যাসচালিত লরি, ৫টি মাইক্রোবাস, ১১টি প্রাইভেট কার, ৪টি অ্যাম্বুলেন্স, ২টি পাজেরো জিপ, ১৫৭টি মোটরসাইকেল, ৯৩টি থ্রি-হুইলার (ইজিবাইক, সিএনজি ইত্যাদি), ১৮টি নসিমন-ভটভটি ও মাহিন্দ্রা, ১২টি রিকশা-বাইসাইকেল এবং ১৪টি অজ্ঞাত যানবাহন।
দেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নিজস্ব তথ্যের ওপর ভিত্তি করে সংগঠনটি নিয়মিত এই প্রতিবেদন তৈরি করে থাকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে