Views Bangladesh Logo

২৮ অভিনেতা-অভিনেত্রী ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ‘গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানি’র অভিযোগে অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সংগঠন।

রোববার (২৬ জুলাই) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগটি জমা দেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহ্যমান শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় সংগঠক মহাসিন এবং আবু বকর ছিদ্দিক ওরফে তুহিন ফরাজী উপস্থিত ছিলেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন অভিনেতা আসাদুজ্জামান নূর, আজিজুল হাকিম, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, সাইমন সাদিক, জায়েদ খান, সাজু খাদেম, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, সুজাতা আজিম, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, হিরো আলম, চন্দন রেজা এবং সাংবাদিক আনিস আলমগীর, মোমিন মেহেদী ও সোমা ইসলাম।

অভিযোগে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানিতে অভিযুক্তরা জড়িত ছিলেন। এসব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।

অভিযোগ জমা দেওয়ার পর আল নূর মোহাম্মদ আয়াস সাংবাদিকদের বলেন, জুলাই অভ্যুত্থানকে কটাক্ষ ও অবমাননার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তারা আইনগত পদক্ষেপ চেয়েছেন। তার ভাষ্য, অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

তবে অভিযোগ জমা দেওয়া হলেও এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। অভিযোগে নাম থাকা ব্যক্তিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ