Views Bangladesh Logo

ক্রিয়েটিভ অর্থনীতি বিকাশে ২৭ সদস্যের জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশের ক্রিয়েটিভ অর্থনীতির বিভিন্ন খাতের উন্নয়ন ও সম্ভাবনা কাজে লাগাতে জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করেছে সরকার। খাতভিত্তিক রোডম্যাপ অনুমোদন, বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করাই হবে এই কমিটির প্রধান দায়িত্ব।

অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে সভাপতি করে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটিতে সংস্কৃতি, শিল্প, বাণিজ্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে সদস্য করা হয়েছে।

এ ছাড়া অর্থ, তথ্য ও সম্প্রচার, যুব ও ক্রীড়া, সংস্কৃতি বিষয়ক, শিল্প, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মহিলা ও শিশু বিষয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবরা কমিটির সদস্য হিসেবে থাকবেন।

বেসরকারি খাত ও সৃজনশীল শিল্পের প্রতিনিধিত্বও রাখা হয়েছে কমিটিতে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যানের পাশাপাশি ব্র্যাক, এইচএসবিসি বাংলাদেশ, বেঙ্গল ফাউন্ডেশন এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিনিধিদের সদস্য করা হয়েছে। উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেলকে সেক্টর স্পেশালিস্ট হিসেবে রাখা হয়েছে। আরও একজন সেক্টর স্পেশালিস্ট কমিটিতে যুক্ত থাকবেন।

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সামষ্টিক ও টিডিএম) কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে কমিটির দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, ক্রিয়েটিভ অর্থনীতির বিভিন্ন খাতের জন্য তৈরি রোডম্যাপ অনুমোদন এবং সেগুলোর বাস্তবায়ন কতটা এগিয়েছে, তা নিয়মিত পর্যালোচনা করতে হবে। পাশাপাশি আন্তমন্ত্রণালয় ও আন্তসংস্থার কার্যক্রমে সমন্বয় করা, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং বিভিন্ন খাতভিত্তিক কমিটির কাজ পর্যালোচনাও করতে হবে।

কমিটিকে প্রতি তিন মাসে একবার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং অর্থ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ