এখনো পানিবন্দি ১২ লাখ পরিবার, মৃতের সংখ্যা বেড়ে ২৭
সপ্তাহ খানেক ধরে দেশে যে বন্যা চলছে তাতে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। বেশিরভাগ জায়গায় পরিস্থিতির উন্নতি হলেও এখনো পানিবন্দি আছে ১২ লাখ ৭ হাজার ৪২৯টি পরিবার।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।
তিনি জানান, বন্যায় নতুন করে চারজন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭। এর মধ্যে কুমিল্লায় মারা গেছে ১০ জন, নোয়াখালী ও চট্টগ্রামে পাঁচজন করে এবং কক্সবাজারে তিনজন মারা গেছে। এছাড়া ফেনী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে মারা গেছে একজন করে।
উজানের তীব্র ঢল ও অতি ভারী বৃষ্টির কারণে গত মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দেয়। অল্প সময়ের মধ্যে তা বিস্তৃত হয় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে।
আলী রেজা জানান, বন্যায় বর্তমানে ১১ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে