আশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধ, আহত ১২ পুলিশ সদস্য
ঢাকার সাভারের আশুলিয়া ও আশপাশের এলাকার ২৬৪টি পোশাক কারখানায় সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। সংঘর্ষে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয় এবং কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মমিনুল ইসলাম ভূঁইয়া কারখানা বন্ধের তথ্য নিশ্চিত করেছেন। শিল্প পুলিশ জানায়, আশুলিয়ার পিকার্ড বাংলাদেশ, জনরন সোয়েটার, ফেরারী গার্মেন্টস, ডেনিটেক্স, আনলিমা টেক্সটাইল, আল ইসলাম টেক্সটাইল ও জি.কিউ. ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ ছাড়া আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সোমবার সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের একাধিকবার সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলনে বহিরাগত ও দুষ্কৃতকারীরা যোগ দিয়েছেন বলে তাঁদের কাছে তথ্য রয়েছে। শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে। কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। শিল্পাঞ্চলে ২৪ ঘণ্টা নিরাপত্তাব্যবস্থা বহাল থাকবে বলে জানিয়েছেন শিল্প পুলিশের এই কর্মকর্তা।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছে। সোমবার গাজীপুরের কালিয়াকৈরেও টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সকাল থেকে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও সফিপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নেন তাঁরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডও অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। দুপুর ১২টার দিকে সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া জানান, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
এর আগে রোববার রাজধানীর মিরপুরেও শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কারণে জেলার বহু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
মতামত দিন