হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৬ শিশু ভর্তি, রাজশাহী মেডিকেলে ১৪ শিশু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
জানা গেছে, হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৬ জন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এতে করে বর্তমানে হাসপাতালে ভর্তি শিশুদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে। এর মধ্যে দুজন গুরুতর অসুস্থ শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের হাম চিকিৎসা দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মো. গোলাম মাওলা জানান, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫৪১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৪৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর ১৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মঈনুদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, এ সময়ের মধ্যে নতুন করে কোনো মৃত্যু হয়নি। একই সময়ে ২৪ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাসপাতালে ১৩৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
আরও জানা গেছে, এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে মোট ৬২৭ জন শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং হাসপাতালগুলোতে ধারাবাহিকভাবে রোগী ভর্তি হওয়ায় বিশেষ সতর্কতা অবলম্বন করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে