মধ্যপ্রাচ্য সংকট: ছাব্বিশ ফ্লাইট বাতিল আজ, ২০ দিনে ৬১৪
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতজনিত নিরাপত্তা ঝুঁকির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) একদিনেই বাতিল করা হয়েছে ২৬টি ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে আকাশসীমা বন্ধ ঘোষণা করার পর থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ সময়ের মধ্যে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৪-তে।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিনই ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল হচ্ছে। এর মধ্যে ১ মার্চ সর্বোচ্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। পরবর্তী দিনগুলোতেও এই ধারা অব্যাহত রয়েছে, যা বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার বাতিল হওয়া ২৬টি ফ্লাইটের মধ্যে রয়েছে—কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি এবং ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট।
চলমান পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে বেবিচক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে