Views Bangladesh Logo

আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার পথে ২৫ মামলার আসামির পলায়ন

ঢাকার আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে ২৫ মামলার এক আসামি।

ঢাকা ও গাজীপুর পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া এই আসামির নাম রাজা ওরফে পিচ্চি রাজা। সে ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা এবং তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ অন্তত ২৫টি মামলা রয়েছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, রাজা ওরফে পিচ্চি রাজাকে ঢাকা মেট্টোপলিটন আদালতে হাজিরার জন্য রবিবার সকালে প্রিজন ভ্যানে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ আনা হচ্ছিল। তাকে বহনকারী প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে সে শৌচাগারে (টয়লেট) যাওয়ার কথা বলে। পরে আনা নেওয়ার কাজে দায়িত্বরত পুলিশ তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

ডিএমপির মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত এই আসামিকে চলতি বছরের ১৯ মে গ্রেপ্তার করা হয়েছিল। নেপাল থেকে দেশে ফেরার পর বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় রাজা, তার স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই সে কারাগারে বন্দি ছিল।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ