লেফটেন্যান্ট তানজীম হত্যায় ২ মামলা, আসামি ২৫
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। এতে ১৭ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে পুলিশ ও সেনাসদস্য বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলা দুইটিতে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮ জনকে আসামি করা হয়েছে।
এর মধ্যে সেনাবাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি করেছেন।
ওসি মঞ্জুর কাদের বলেন, মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত ৬ আসামি গ্রেপ্তার হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে