Views Bangladesh Logo

নড়াইলে মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

নড়াইলের কালিয়া উপজেলাতে মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশের খবর অনুযায়ী, এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগ্রামে শেখ ও মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঈদের দিন মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে উত্তেজনা সৃষ্টি হয় এবং দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এই সময় শটগানের গুলি ছোড়া হয়।

সংঘর্ষে আহতরা হলেন: মাহাবুর মোল্যা (৪০), রমজান মোল্যা (৫৫), মিন্টু মোল্যা (৫২), নাহিদ মোল্যা (২১), টুটুল মোল্যা (৩০), শাহীদুল মোল্যা (৪৮), রাজা মোল্যা (৫০), বাঁধন মোল্যা (২৬), তামিম মোল্যা (১৯), সুমন মোল্যা (২৮) এবং আজানুর শেখ (১৮)। তাদের নড়াইল জেলা হাসপাতাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানিয়েছেন, আহতদের মধ্যে ১৪ জনের শরীরে ছররা গুলির অংশ ধরা পড়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

নড়াইল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার রবিন হালদার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযানের মাধ্যমে ১৪ জনকে আটক করা হয়েছে; পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ