Views Bangladesh Logo

উপকূলবাসীর সুরক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে: পানিসম্পদমন্ত্রী

উপকূলীয় অঞ্চলের মানুষকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সুরক্ষা দিতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একইসঙ্গে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন ও বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় উপকূলজুড়ে শক্তিশালী সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে বলে জানান তিনি।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক চৌধুরী হলে 'ভয়াল ২৯ এপ্রিল ৯১’ স্মরণে আয়োজিত ‘উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এই সেমিনারের আয়োজন করে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। দেশের মানুষকে দীর্ঘদিন ধরেই বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড় দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি, যা কক্সবাজারসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

তিনি আরও বলেন, সে সময় নবগঠিত সরকার মাত্র তিন মাসের মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছিল।

মন্ত্রী জানান, বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করছে। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল, পুকুর ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে।

উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মওলানা জহিরুল ইসলাম এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ