Views Bangladesh Logo

২৫ ক্যাডার কর্মকর্তার দিনব্যাপী কর্মবিরতি

 VB  Desk

ভিবি ডেস্ক

ফেসবুকে লেখালেখি এবং আন্তঃক্যাডার বৈষম্য দূর করার দাবিতে ২৫ ক্যাডারের ১২ কর্মকর্তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে রোববার (২ মার্চ) দিনব্যাপী কর্মবিরতি পালন করছেন ক্যাডার সার্ভিস কর্মকর্তারা। এর ফলে বিভিন্ন দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে কর্মকর্তারা কালোব্যাজ ধারণ করে বিভিন্ন দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় ক্যাডারগুলোর একটি হলো বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার।

রোববার সকাল ১১টার দিকে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রাঙ্গণে অবস্থান নেন। শিক্ষা ক্যাডারের শীর্ষ কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খানকেও সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে।

এর আগে, শনিবার রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে কাউন্সিলের সমন্বয়ক মফিজুর রহমান দিনব্যাপী কর্মবিরতির ঘোষণা দেন। তিনি বলেন, ‘যারা সংশ্লিষ্ট, তারা সমাধানে উদ্যোগ নেবেন। তবে এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।’

তিনি জানান, কর্মবিরতির সময় কর্মকর্তারা কালো ব্যাজ পরিধান করবেন এবং নিজ নিজ দপ্তরের সামনে ব্যানার হাতে অবস্থান নেবেন।

মফিজুর রহমান অভিযোগ করেন, প্রশাসন ক্যাডারের ২২ কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তিনি বলেন, ‘পরামর্শকদের কাছে যখন ওই ২২ জনের লেখা দেখানো হয়, তখন তারাও বিস্ময় প্রকাশ করেন।’

তিনি আরও বলেন, ‘এই প্রতিবেদন পুরোপুরি কার্যকর হলে রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হবে এবং প্রশাসনিক স্বৈরতন্ত্র আরও শক্তিশালী হয়ে উঠবে।’

কর্মসূচিতে কৃষি বিশেষজ্ঞ আরিফ হোসেন সভাপতিত্ব করেন। এ সময় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ও সহ-সমন্বয়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ