ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মিরপুর বিভাগে ১৫০ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৩৬ জন, গোয়েন্দা বিভাগে চারজন এবং এসআরইউ বিভাগে একজন।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা, ৮০ বোতল এস্কাফ সিরাপ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন, ৩৫০ কেজি স্ক্র্যাপ ক্যাবল ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন