২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে তিনজন হামে আক্রান্ত হয়ে এবং বাকি ছয়জন এ রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত দুই মাসে এই রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে আরও ৩৫৬ জন মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৭ হাজার ২৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন এবং ৫১ হাজার ৫৬৭ জনের শরীরে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে, এই প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ৮৭৭ জন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে