Views Bangladesh Logo

জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জন মুক্ত, পরিচয় যাচাই চলছে ২৯ জনের

ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে পুলিশের অভিযানে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার দুপুরে ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী কমিশনার সাকিবুল আলম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, জাসদের নেতাদের কাছ থেকে নেতাকর্মীদের তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া হয়েছে। সেগুলো যাচাই করে পরিচয় শনাক্ত হওয়ায় ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের হেফাজতে থাকা ২৯ জনের পরিচয়ও যাচাই করা হচ্ছে। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শনিবার দুপুরের পর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালায় পল্টন থানা পুলিশ। পরে প্রিজন ভ্যানে করে কার্যালয়ের ভেতরে থাকা লোকজনকে থানায় নেওয়া হয়। পুলিশের ভাষ্য ছিল, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জাসদের সঙ্গে সেখানে জড়ো হয়ে নাশকতা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

ডিএমপির উপকমিশনার হারুন অর রশিদ বলেছিলেন, জাসদ ও আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের সদস্যরা একত্রিত হয়ে নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছেন—এমন তথ্য পুলিশের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে বলে তিনি জানান।

আটকদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি সাংবাদিক নেতা আবু জাফর সূর্যও ছিলেন। প্রায় ১৫ ঘণ্টা পর রোববার ভোর ৫টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

আবু জাফর সূর্যের ভাষ্য, তিনি একসময় জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ডে অনেকটাই নিষ্ক্রিয়। শনিবার জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা থাকায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুরনো রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে দেখা করতে তিনি সেখানে গিয়েছিলেন।

তিনি বলেন, সভা চলার সময় নিচতলার প্রধান ফটকের কাছে হট্টগোল ও স্লোগানের শব্দ শুনে তিনি নিচে নামেন। সেখানে পুলিশকে নিজের সাংবাদিক পরিচয় দেন এবং পরিচয়পত্রও দেখান। এরপরও তাকে হাতকড়া পরিয়ে আটক করে থানায় নেওয়া হয়। কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়।

আবু জাফর সূর্য পুলিশের পাশাপাশি বিএনপির সহযোগী সংগঠন যুবদলের স্থানীয় নেতা-কর্মীদের ভূমিকা নিয়েও অভিযোগ করেন। তার দাবি, স্থানীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে সেখানে হামলা চালিয়ে ‘মব’ তৈরি করা হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ