ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ২৪৯ জন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৪৯ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৭৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছেন ৩৯ জন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন এবং রংপুর বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে সর্বশেষ ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয় গত ৩ আগস্ট। এরপর টানা চার দিনে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে মারা গেছেন ৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ১৮ হাজার ১২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৭৮৯ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ২৪৯ জন।
মতামত দিন