Views Bangladesh Logo

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

দেশব্যাপী একযোগে শুরু হওয়া ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ০১ শতাংশ।

ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৬৭ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৯৫ জন, যশোর বোর্ডে ২ হাজার ৭৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৪০ জন, সিলেট বোর্ডে ১ হাজার ১২৭ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪৬ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৩৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অসদুপায়ের দায়ে সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জন। কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ পরীক্ষায় ৮০ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এ বোর্ডে ৪ হাজার ৪৭৮ জন অনুপস্থিত ছিলেন এবং ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী অংশ নেন। সেখানে ৩ হাজার ৭৩ জন অনুপস্থিত ছিলেন এবং অসদুপায়ের দায়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরেও ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিনের পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক ছিল। চলতি বছর সারা দেশে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬২০টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ