দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে এলো ২৪শ’ মেট্রিক টন চাল
চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ২৪শ’ মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে। চালগুলো ভারতের বন্দর দিয়ে ৪২ ওয়াগনে করে বাংলাদেশে আসে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চাল আমদানির এই প্রথম চালানটি রেলবন্দরের ইয়ার্ডে পৌঁছায়। এ সময় ভারতের রেলের পরিচালক সাগতম বালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।
এ ব্যাপারে তিনি বলেন, ঢাকার পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এ চাল আমদানি করেছে। প্রতি টন চালের মূল্য ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এ চাল রপ্তানি করেছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়নের পর এই চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে। সেখান থেকে ট্রাকযোগে চাল পরিবহন করবেন আমদানিকারকরা।
জানা গেছে, ভারত থেকে ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে বাংলাদেশ সরকার।
মতামত দিন