Views Bangladesh Logo

নতুন ভোটার যুক্ত হয়েছে ২৪ লাখ ৩৮ হাজার: ইসি সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুনভাবে যুক্ত হয়েছেন ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন ভোটার। ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

রোববার (১০ আগষ্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘সারাদেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে আজ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। হালনাগাদ ভোটার তালিকায় নতুন যুক্ত হয়েছে ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন ভোটার।’

সচিব বলেন, ‘আইন অনুযায়ী চলতি বছরের ২ মার্চ ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। তবে মৃত ও কর্তনকৃত ভোটার হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে বাদ দেওয়া হয়। এই হিসেবে হালনাগাদ ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনে। ৩১ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘এছাড়া আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নবীন ভোটারদের এক বছর অপেক্ষা না করানোর জন্য নতুন আইনে এই সুযোগ রাখা হয়েছে।’

সচিব জানান, এই বছর মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। ২ মার্চ প্রকাশের পর ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর প্রকাশিত তালিকাগুলো প্রকাশ হবে।

এর আগে সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সারাদেশের নির্বাচন কর্মকর্তারা সেটি নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেন। এতে কারও তথ্যে ভুল থাকলে তা ১২ দিনের মধ্যে সংশোধনের সুযোগ থাকবে বলে জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ