১০ মাসে ২,৪১১ নারী ও মেয়েশিশু সহিংসতার শিকার: বাংলাদেশ মহিলা পরিষদ
চলতি বছরের প্রথম ১০ মাসে দেশে ২ হাজার ৪১১ জন নারী ও মেয়েশিশু বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার ৩১৫ জন নারী এবং ১ হাজার ৯৬ জন মেয়েশিশু। একই সময়ে ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও হত্যার মতো গুরুতর অপরাধের ঘটনাও ঘটেছে।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ মহিলা পরিষদের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংগঠনটির ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর প্রতিপাদ্য ছিল ‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো’।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৩৯৮ জন নারী ও মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ২৮০ জন মেয়েশিশু এবং ১০৯ জন নারী। এ সময়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ১৩৭টি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪০ জনকে।
এ ছাড়া একই সময়ে ১৭০ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ১৪০ জন মেয়েশিশু ও ৩০ জন নারী। যৌন সহিংসতার শিকার হয়েছেন আরও ২০৬ জন। বিভিন্ন কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪৯০ জন নারী ও মেয়েশিশু। তাঁদের মধ্যে ৩৭৭ জন নারী এবং ১১৩ জন মেয়েশিশু।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সংগঠনের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ সময় সাধারণ সম্পাদক মালেকা বানু এবং লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক দীপ্তি শিকদারও বক্তব্য দেন।
ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর প্রতি সহিংসতা কেবল ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়, এটি সামগ্রিকভাবে সমাজকে ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের অপরাধ বন্ধে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রের কার্যকর ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
মালেকা বানু বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিদ্যমান আইনগুলোর যথাযথ প্রয়োগ প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা যৌন হয়রানি প্রতিরোধ আইন ও বৈষম্যবিলোপ আইন প্রণয়নের উদ্যোগ নিতে হবে। এ ছাড়া নারীর অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় আইন সংস্কারও জরুরি।
তিনি বলেন, সহিংসতার ঘটনা প্রতিরোধের পাশাপাশি অপরাধীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
মতামত দিন