Views Bangladesh Logo

ফ্রান্সে এক ফুটবল ম্যাচে ২৪ লাল কার্ড

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফ্রান্সের মোরবিহাঁ অঞ্চলের অপেশাদার ফুটবলে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। আঞ্চলিক ডার্বি ম্যাচে ভয়াবহ বিশৃঙ্খলার কারণে রেফারিকে একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখাতে হয়েছে। স্থানীয় ফুটবল ইতিহাসে এই ঘটনা ‘কলঙ্কজনক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। খবর দিয়েছে গোল ডটকম।

প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলটির দ্বিতীয় বিভাগের ম্যাচে অ্যাভেনির দ্য গিলিয়ের এবং ইন্ডিপেনডঁ দ্য মোরঁ দলের মধ্যে খেলা ২-২ গোলে ড্র হয়। ম্যাচ চলাকালীন সবকিছু স্বাভাবিক থাকলেও শেষ বাঁশির পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরে খেলোয়াড় এবং একজন অভিভাবক এতে জড়িয়ে পড়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

ফরাসি সংবাদমাধ্যম ‘ওয়েস্ট-ফ্রান্স’ জানিয়েছে, মোরঁ দলের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে ছেলেকে রক্ষা করতে গিয়ে সংঘর্ষে অংশ নেন। মারামারিতে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। এ সময় উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে রেফারি চরম সিদ্ধান্ত নেন।

ম্যাচে অংশ নেওয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকে একসঙ্গে লাল কার্ড দেখানো হয়; গিলিয়ের দলের ১৩ জন ও মোরঁ দলের ১১ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় কিছু ব্যক্তি লাঠিও ব্যবহার করেছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট দুই ক্লাবের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ