মধ্যপ্রাচ্য সংকট: শনিবারও বাতিল ২৪টি ফ্লাইট
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় শনিবার (১৪ মার্চ) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এসব দেশের মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে।
বেবিচক সূত্রে আরও জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ (শনিবার) ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫টি।
শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েত এয়ারওয়েজ-এর ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস ৪টি, জাজিরা এয়ারওয়েজ ৪টি এবং ফ্লাইদুবাই-এর ৪টি ফ্লাইট।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আকাশপথে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা ব্যাহত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে