Views Bangladesh Logo

নির্বাচনের আগের দিন পাকিস্তানে জোড়া বিস্ফোরণ, নিহত ২৪

 VB  Desk

ভিবি ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দেশটিতে জাতীয় নির্বাচনের আগের দিন বুধবার (৭ ফেব্রুয়ারি) একাধিক স্থানে এই বিস্ফোরণ হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রথম বিস্ফোরণটি ঘটেছে পিশিন জেলার এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে। সেখানে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই ডজনের বেশি মানুষ।

অন্যদিকে, দ্বিতীয় বিস্ফোরণের স্থান আফগানিস্তানের বর্ডারের কাছে কিলা সাইফুল্লাহ শহরের একটি ধর্মীয় দলের কার্যালয়ের সামনে। সেখানে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

বেলুচিস্তানের তথ্যমন্ত্রী জানান, জমিয়ত উলেমা ইসলাম (জেইউআই) নামের এই দলটিকে লক্ষ্যবস্তু করে এর আগেও জঙ্গি হামলা চালানো হয়েছিল।

নির্বাচনের আগের দিন প্রদেশটিতে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটকেন্দ্রে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী পাকিস্তানি তালেবান ও বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীসহ বেশ কয়েকটি দল পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করে। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা।

যদিও বুধবারের হামলার পেছনে কে বা কারা ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ