Views Bangladesh Logo

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত: দূতাবাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ বাংলাদেশি, যাঁদের ১১ জন প্রবাসী কর্মী এবং ১৩ জন ওমরাহযাত্রী। তাঁরা রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (১১ অক্টোবর) রাতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস হতাহত বাংলাদেশিদের বিষয়ে এসব তথ্য জানায়। দূতাবাসের বিবরণ অনুযায়ী, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের যাত্রী হতাহত হন। প্রাথমিক তথ্যে মোট নিহতের সংখ্যা ১২ এবং আহতের সংখ্যা ৩০৯। আহতদের সবাই রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার জন্য ট্রানজিটে অপেক্ষা করছিলেন।

আহতদের মধ্যে তিনজন কিং আব্দুল্লাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। তাঁরা হলেন ঢাকার হাফেজ হাসান, ব্রাহ্মণবাড়িয়ার কাজী নুরুল্লাহ এবং সৌদি প্রবাসী কর্মী মো. ওমর ফারুক। দূতাবাসের একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেছে। দূতাবাস জানায়, তিনজনের অবস্থাই এখন স্থিতিশীল।

অন্য আহতরা রিয়াদের ন্যাশনাল গার্ড হাসপাতাল, রিয়াদ মেডিক্যাল হাসপাতাল, প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতাল, কিংডম হাসপাতাল, কিং খালেদ মেডিক্যাল সিটি, প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ হাসপাতালসহ আরও কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। ন্যাশনাল গার্ড হাসপাতালে ভর্তি নওগাঁর সাফকাত রহমান এখনো অচেতন। চিকিৎসার খোঁজখবর রাখতে দূতাবাস হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে।

হামলার পর বিমানবন্দরে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েন। তাঁদের কেউ বাংলাদেশ থেকে এসে রিয়াদ হয়ে অন্যত্র যাচ্ছিলেন, কেউ আবার রিয়াদ থেকে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন। এর মধ্যে ১০০ জনের থাকা-খাওয়ার ব্যবস্থা হয়েছে মেরিয়ট ও রেডিসন হোটেল এবং প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে। এঁরা সৌদিয়া, রিয়াদ এয়ার ও ইউএস-বাংলার ফ্লাইটে এসেছিলেন, অথবা ফ্লাইনাস, ফ্লাইএডিল ও ফ্লাইরিয়াদে সৌদির বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় ছিলেন।

ইহরামের পোশাকে ওমরাহ পালনে আসা ৬৭ জনকে বিশেষ বাসে জেদ্দায় পাঠানো হয়েছে। বাতিল হওয়া সৌদিয়ার এসভি-৮০৪ ফ্লাইটের প্রায় ৪০০ যাত্রীকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বাহরাইনগামী দুই বাংলাদেশি কর্মীকে আলখোবার স্থলবন্দর দিয়ে গন্তব্যে যেতে সহায়তা করেছে দূতাবাস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ