ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ যানজটের কবলে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষেরা। সোমবার (২৫ মে) গভীর রাত থেকে শুরু হওয়া এই যানজট নিরসনে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী যাত্রীদের ভাষ্যমতে, মহাসড়কের ঘারিন্দা থেকে যমুনা সেতুর টোল প্লাজা পর্যন্ত বিস্তৃত এলাকায় যানবাহনগুলো প্রায় স্থবির হয়ে পড়েছে। বৃষ্টির মধ্যে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে আটকা পড়ে সবচেয়ে বেশি কষ্টের শিকার হচ্ছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা। মহাসড়কে চলাচলকারী যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে।
এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ‘রাতের বেলা বৃষ্টি এবং ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহনের চাপের কারণেই মহাসড়কে কিছুটা জটলার সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে