জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ ও ২৩ নাবিক মুক্ত
অবশেষে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পেলেন বাংলাদেশি ২৩ নাবিক। সেইসঙ্গে ছাড়া পেয়েছে জিম্মি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ও।
মুক্তিপণের টাকা জলদস্যুদের কাছে পৌঁছানোর পর জাহাজসহ নাবিকদের ছেড়ে দেয় তারা। তবে মুক্তিপণের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার (১৪ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করে জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপ।
কেএসআরএম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান তার ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করে বলেন, জলদস্যুদের কবল থেকে জাহাজ এমভি আব্দুল্লাহ মুক্ত! আলহামদুলিল্লাহ। সব ক্রু নিরাপদে আছেন এবং শিগগিরই বাড়ি ফিরে যাবেন।
এর আগে গত ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াহ বন্দরে যাওয়ার সময় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে ছিনতাই করে সশস্ত্র সোমালি জলদস্যুরা। এ সময় জাহাজটিতে প্রায় ৫৮ হাজার টন কয়লা ছিল এবং এতে ২৩ জন ক্রু ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে