ডেঙ্গুতে প্রাণ গেল ৯ মাসের অন্তঃসত্ত্বার, বাঁচল না অনাগত সন্তানও
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই সময়ে মারা গেছে তার গর্ভের অনাগত সন্তানও।
নূর জাহান কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী জোবায়ের হোসেন। কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগাড়া গ্রামে তাদের বাড়ি। প্রায় দেড় বছর আগে জোবায়েরের সঙ্গে তার বিয়ে হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার নূর জাহানের সামান্য জ্বর আসে। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে কুমিল্লায় তার চিকিৎসা করানো হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে ঢাকায় নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
নূর জাহানের স্বামী জোবায়ের হোসেন বলেন, আগামী মাসে তাদের সন্তানের জন্ম হওয়ার কথা ছিল। প্রথমে স্ত্রীর সামান্য জ্বর হলেও পরে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। কুমিল্লায় চিকিৎসা করিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছিল।
নূর জাহানের মৃত্যুতে শোক জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগ ও কলেজ প্রশাসন। শিক্ষক-শিক্ষার্থীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, নূর জাহান অত্যন্ত ভদ্র ও আন্তরিক ছাত্রী ছিলেন। পড়াশোনার পাশাপাশি বিভাগের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি অংশ নিতেন। তার অকালমৃত্যুর সংবাদে শিক্ষক-শিক্ষার্থীরা গভীরভাবে ব্যথিত। বুধবার বাদ জোহর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত তার জানাজায় কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভুইয়া বলেন, একজন মেধাবী ছাত্রীর এমন অকালমৃত্যু অত্যন্ত দুঃখজনক। কলেজ পরিবার নূর জাহানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
মতামত দিন