বিএনপি-বৈষম্যবিরোধী নেতা ও সাংবাদিকসহ ২২ জন চীন যাচ্ছেন
আটটি রাজনৈতিক দলের নেতাসহ ২২ সদস্যের একটি প্রতিনিধিদল আজ (সোমবার) রাতে চীনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে তারা ১১ দিনের সফরে যাচ্ছেন।
প্রতিনিধিদলে বিএনপি নেতাদের পাশাপাশি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা, কয়েকজন গবেষক এবং দুই সাংবাদিকও রয়েছেন।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশে বহুদলীয় সম্পর্ক জোরদার করার কৌশলের অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধিদলটি আজ রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করবে।
বিএনপি ও এর সহযোগী সংগঠন থেকে পাঁচজন এই সফরে অংশ নিচ্ছেন। তারা হলেন—বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
এছাড়া সাতটি রাজনৈতিক দলের নেতারাও এই প্রতিনিধিদলে রয়েছেন। তারা হলেন—গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান মো. শহিদুল ইসলাম রুবেল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
প্রতিনিধিদলে ড. মঈন খানের স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর গবেষক মো. নাহিয়ান সাজ্জাদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিনও রয়েছেন।
এছাড়া জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সহ-প্রবক্তা মো. রিয়াজ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিতু আক্তার এবং দুই সাংবাদিক—ইউএনবির স্পেশাল করেসপন্ডেন্ট আবদুর রহমান জাহাঙ্গীর এবং দৈনিক আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক মো. আরিফুজ্জামান মামুনও সফরে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দল ও সংগঠনের নেতারাও চীন সফর করেছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে