Views Bangladesh Logo

নাশকতার অভিযোগে র‌্যাবের অভিযানে ২২৮ জন গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

সাম্প্রতিক সময়ে নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে সারাদেশে গত ৫ দিনে ২২৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনীম ফেরদৌস সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নাশকতার অভিযোগে ঢাকায় ৫৫ জন ও ঢাকার বাইরে ১৭৩ জনসহ সারাদেশে ২২৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে মহাখালীর সেতু ভবন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন, ডাটা সেন্টার ও মেট্রোরেলসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমানসহ চারজনকে রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা হচ্ছেন- গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমান (৩১), তার সহযোগী মো. সজল মিয়া (২৪), আল ফয়সাল রকি (২৭) ও মো. আরিফুল ইসলাম (৩০)।

এ ছাড়াও বুধবার রাজধানীর সেতু ভবনে হামলা, অগ্নিসংযোগ ও নাশকতায় সরাসরি জড়িত ২ ব্যক্তিসহ ৯ জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে পুলিশকে হত্যা ও আহত করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, ডাটা সেন্টার, বিটিভি, বিভিন্ন সরকারি দপ্তরের যানবাহন পুড়িয়ে দেয়া ও মেট্রোরেলসহ সারাদেশেই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিএনপি ও জামায়াত নেতারা।

ডিবি প্রধান বলেন, মহাখালীর সেতু ভবনে জামায়াত, শিবির ও বিএনপির কিছু নেতা টাকা পয়সা দিয়ে সাততলা বস্তি ও কুড়িল বস্তিসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করেছে। এরপর মহাখালীতে জড়ো হয়ে ইটপাটকেল শুরু করে। পরবর্তীতে তারা সেতু ভবনে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট চালায়।





মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ