মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬ প্রতিষ্ঠানে একজনও পাস করেনি
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ বোর্ডে দাখিল পরীক্ষায় পাসের হার হয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ, যা সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বনিম্ন।
প্রকাশিত ফল অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন।
সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
সব মিলিয়ে সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।
মতামত দিন