শাহজালাল বিমানবন্দরে ২২৩ কার্টন সিগারেট, ৪৪ ভেপ জব্দ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি আন্তর্জাতিক রুটের যাত্রীদের কাছ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪টি ভেপ এবং ১৪৪টি মোবাইল ডিসপ্লে জব্দ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি শুরু করা হয়। ওই দিন দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ‘ইকে-৫৮৪’ (EK584) ফ্লাইটের যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তার ব্যাগেজ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
অন্যদিকে, গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ‘বিএস-৩২৬’ (BS326) ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ১৪৪টি মোবাইলের ডিসপ্লে জব্দ করা হয়। এর মধ্যে কে এম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮টি এবং শামীমা আক্তারের কাছ থেকে ৪৬টি ডিসপ্লে উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, দুবাই, মালয়েশিয়া ও গুয়াংজু থেকে আসা তিনটি পৃথক আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব সিগারেট, ভেপ ও মোবাইলের ডিসপ্লে উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর আরও জানায়, আন্তর্জাতিক রুটে এ ধরনের চোরাচালানের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সংস্থাটি। এর পেছনে কোনো চক্র জড়িত কি না, যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না এবং ঘটনার সঙ্গে আর কারা যুক্ত—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
মতামত দিন