ঢাকায় ফিরলেন কলকাতা বিমানবন্দরে আটকা পড়া ২২০ বাংলাদেশি
কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া ২২০ বাংলাদেশি যাত্রী ঢাকায় এসে পৌঁছেছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরছিলেন।
ফেরত আসা যাত্রীদের মধ্যে রিয়াজ উদ্দিন নামের একজন জানান, সোমবার রাত দেড়টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দো এয়ারের ফ্লাইটটি রাত আড়াইটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে রোববার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসার পথে মালিন্দো এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) বিমানটি ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। ওইদিন দিবাগত রাত ৩টায় বিমানটির ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
এ ব্যাপারে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাত ৩টায় বিমানটির ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আটকা ছিলেন।
এদিকে বিমানটির যাত্রীদের অভিযোগ, ১৬ ঘণ্টা পার হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সকাল গড়িয়ে দুপুর হলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে