২৪ ঘণ্টায় সারাদেশে ২২ যানবাহনে আগুন, ২৮ স্থানে ককটেল বিস্ফোরণ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ঢাকা ও ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। একই সময়ে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ, বিক্ষোভ ও দোকান ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রের বরাতে এসব তথ্য জানা গেছে।
পুলিশের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুরে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব জেলায় মোট ১৫টি যানবাহনে আগুন দেওয়া হয়। নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহে দুটি করে যানবাহনে আগুন দেওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।
রাজধানীতে সোমবার রাতে ফার্মগেট ও পল্লবী এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে পুরান ঢাকার সদরঘাট সড়কে দুটি মিনিট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয় মঙ্গলবার ভোরে। এ ছাড়া নগরের বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রলবোমা হামলার খবর পাওয়া গেছে।
ঢাকার বাইরে সাভার ও ধামরাইয়ে দুটি বাসে আগুন দেওয়া হয়। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় পৃথক ঘটনায় দুটি বাস ও একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফরিদপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় চালক মো. কালাচান শেখের মৃত্যু হয়েছে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগলে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
ঢাকায় ১৯ স্থানে ককটেল বিস্ফোরণ
ডিএমপি সূত্র বলছে, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ছয়টি ককটেল নিক্ষেপের তথ্য জানিয়েছে জেলা পুলিশ। এ ছাড়া চট্টগ্রামের আনোয়ারায় একটি গ্রামীণ ব্যাংক শাখার সামনে ককটেল বিস্ফোরণে আগুন ধরে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়।
গোপালগঞ্জে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।
কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশ, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকাতেও সড়ক অবরোধের ঘটনা ঘটে।
এর আগে সোমবার গভীর রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে লগি-বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে।
চার জেলায় বাড়তি পুলিশ মোতায়েন
সাম্প্রতিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব জেলার পুলিশ সুপারদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াতেও বলা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে অনলাইনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকেরাও (ডিআইজি) উপস্থিত ছিলেন।
আইজিপি নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। তবে আগের সরকারের আমলের মতো গণগ্রেপ্তার না করার বিষয়েও সতর্ক করেন তিনি। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পেছনে অপরাধীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে। এসব ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ও সাইবার পর্যবেক্ষণ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় গত শনিবার থেকে সোমবার পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মতামত দিন