গাজায় রেড ক্রস অফিসের কাছে গোলাগুলিতে নিহত ২২
গাজায় ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসের অফিসের কাছে গোলাগুলির ঘটনায় ২২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
গোলাগুলির সময় তারা রেড ক্রস অফিসের কম্পাউন্ডের আশেপাশে আশ্রয় নিয়েছিলেন বলে জানা যায়।
ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস এক বিবৃতিতে বলেছে, শুক্রবার বিকেলে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির অফিস এবং বাসভবনের কিছু দূরত্বের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সংস্থাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরো বলা হয়েছে, বেসামরিক নাগরিক এবং মানবিক সুবিধার ক্ষতি এড়াতে যুদ্ধরত উভয় পক্ষকে সতর্ক থাকতে হবে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) যে ওই এলাকায় হামলা চালিয়েছে তার প্রমান প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি। তবে তিনি বলেছেন, ‘ঘটনাটি পর্যালোচনাধীন রয়েছে।’
ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস (আইসিআরসি) বলেছে, ‘এটি একটি গুরুতর ঘটনা।’ বিবৃতিতে যোগ করা হয়েছে, ‘আমরা এই ধরনের ঘটনার নিন্দা করছি, যা বেসামরিক নাগরিকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।’
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৩৭ হাজার ৩৯০জন নিহত হয়েছে। তবে পরিসংখ্যানটিতে বেসামরিক এবং যোদ্ধাদের সংখ্যা আলাদা করে উল্লেখ করা হয়নি।
গত এপ্রিলের শেষ নাগাদ মৃতদের মধ্যে ১৪ হাজার ৬৮০ জন শিশু, নারী এবং বয়স্ক ব্যক্তি রয়েছে বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে