মুগদা হাসপাতালের ২২ ‘দালাল’ কারাগারে
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভাগিয়ে নেয়ার দায়ে ২২ জন ‘দালালকে’ গ্রেপ্তারের পর ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে পাঁচজন নারীও রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩২ জনকে আটক করে যৌথবাহিনী। যাচাই-বাছাই শেষে ২২ জনের বিরুদ্ধে ‘দালালির’ স্পষ্ট প্রমাণ পেয়ে তাদের সাজা দেয়া হয়েছে।
সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনের যৌথ দল অভিযানে অংশ নেয়। পরে হাসপাতাল প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে হাসপাতালটি দালালদের দ্বারা জর্জরিত। তারা মূলত স্থানীয় হওয়ায় এতোদিন কেউ কথা বলার সাহস পাননি। তবে বর্তমান পরিচালক দায়িত্ব নেয়ার পর থেকে দালালদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নিচ্ছেন’।
তিনি আরও বলেন, ‘পরিচালক নিজেই তদারকি করছেন এবং রোগী ও স্বজনদের অভিযোগকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন’।
হাসপাতালের রোগী ও স্বজনেরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, দালালদের দৌরাত্ম্যে সঠিক পরিষেবা পান না তারা। বিভিন্ন পরীক্ষা ও ওষুধের জন্য বাইরে ছুটতে হয়।
প্রশাসন জানান, অভিযান নিয়মিত চালানোসহ হাসপাতাল এলাকা দালালমুক্ত রাখতে কঠোর নজরদারি বজায় রাখা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে