Views Bangladesh Logo

সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প বাতিল

সচিবালয়ে ২১ তলা আধুনিক ভবন নির্মাণের প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

রোববার (২৬ এপ্রিল) একনেকের সভায় প্রকল্পটি উপস্থাপন করা হলেও শেষ পর্যন্ত তা অনুমোদন পায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব ছিল গণপূর্ত অধিদপ্তরের ওপর। এতে ব্যয় ধরা হয়েছিল প্রায় ৬৪৯ কোটি ২৫ লাখ টাকা। পরিকল্পনা অনুযায়ী, সচিবালয়ের প্রশাসনিক কাজের জন্য আধুনিক ও বিস্তৃত কর্মপরিবেশ তৈরি করাই ছিল মূল লক্ষ্য।

প্রকল্পের আওতায় ২১ তলা ভবনের পাশাপাশি চারটি বেজমেন্ট নির্মাণ, আধুনিক ফাউন্ডেশন, উন্নত বিদ্যুৎ ব্যবস্থা, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার পরিকল্পনা ছিল। এছাড়া দুটি সাব-স্টেশন, জেনারেটর, উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, একাধিক লিফট ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা স্থাপনের কথা ছিল।

এছাড়া ভবনটিতে ২০টি কনফারেন্স রুমসহ আধুনিক সভাকক্ষ তৈরির পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল।

পরিকল্পনা বিভাগ বলেছিল, সচিবালয়ে প্রতিদিন বিপুলসংখ্যক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিদেশি প্রতিনিধির আগমন ঘটে। ফলে নতুন ভবনটি নির্মিত হলে প্রায় ২ লাখ ৮৭ হাজার বর্গফুট অতিরিক্ত জায়গা পাওয়া যেত, যা বর্তমান চাহিদার একটি বড় অংশ পূরণ করতে পারত।

তবে প্রকল্পটি শেষ পর্যন্ত অনুমোদন না পাওয়ায় আপাতত সচিবালয়ে নতুন ২১ তলা ভবন নির্মাণের উদ্যোগ স্থগিত হয়ে গেল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ