Views Bangladesh Logo

এক সপ্তাহ ব্যবধানে ফের অসুস্থ হাতিয়ার সেই স্কুলের ২১ শিক্ষার্থী

নোয়াখালীর হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহের ব্যবধানে আবারও একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ২১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে নিয়মিত পাঠদান শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর নবম শ্রেণির দুই ছাত্রী হঠাৎ অচেতন হয়ে পড়ে। এরপর পর্যায়ক্রমে অন্য শ্রেণিকক্ষের আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুপুর ২টা পর্যন্ত সেখানে ২১ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। এ ছাড়া হাসপাতালে নিয়ে আসা এক অভিভাবক ও হাসপাতালের একজন কর্মীও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী মেডিক্যাল অফিসার বিমান চন্দ্র আশ্চার্য জানান, হাসপাতালে ভর্তি করা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ার পর ১৭৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যেই আবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিনও বিষয়টি নিশ্চিত করে জানান, আগের ঘটনার পর এবারও কয়েকজন শিক্ষার্থী প্রথমে অচেতন হয়ে পড়ে এবং পরে অন্যরাও অসুস্থ হয়ে যায়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানিয়েছেন, বর্তমানে অসুস্থ শিক্ষার্থীরা আশঙ্কামুক্ত রয়েছে। তবে তাদের অসুস্থ বা অচেতন হয়ে পড়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনা তদন্তে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে আহ্বায়ক, থানার ওসিকে সদস্য সচিব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের মাধ্যমে ঢাকার মহাখালীর আইসিডিডিআরবিতে চিঠি পাঠানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ