এপ্রিলে মব সহিংসতায় নিহত ২১: এমএসএফ
মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত এপ্রিল মাসের প্রতিবেদনে উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংস্থাটি জানিয়েছে, গত মাসের তুলনায় দেশে মব সহিংসতার ঘটনা বেড়েছে এবং এতে প্রাণহানিও বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে মোট ৪৯টি মব বা গণপিটুনির ঘটনা ঘটেছে, যেখানে নিহত হয়েছেন ২১ জন। আগের মাস মার্চে ছিল ৩৬টি ঘটনা এবং নিহত ১৯ জন। একই সময়ে আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে, যা মার্চে ছিল ৩১।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এপ্রিল মাসের মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করা হয়।
এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, মব সহিংসতা রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য সরাসরি হুমকি। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করাই হলো মব। রাষ্ট্র ও মব একসঙ্গে চলতে পারে না।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থানের ঘোষণার পরও বাস্তবে মব প্রবণতা কমেনি, বরং বেড়েছে—যা সরকারের সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এপ্রিল মাসে দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৫৬টি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি শিশু, দুজন কিশোর, ১২ জন নারী ও ৪১ জন পুরুষ রয়েছেন। অধিকাংশ মরদেহ নদী, সড়কপাশ, সেতুর নিচে বা পরিত্যক্ত স্থানে পাওয়া গেছে।
নারী ও শিশু নির্যাতনের ঘটনাও বেড়েছে। এপ্রিল মাসে এ ধরনের ৩১২টি ঘটনা ঘটেছে, যা মার্চের তুলনায় ২৩টি বেশি। এর মধ্যে ৫৪টি ধর্ষণ, ১৪টি সংঘবদ্ধ ধর্ষণ এবং একটি ধর্ষণ ও হত্যার ঘটনা রয়েছে। ধর্ষণের শিকারদের মধ্যে শিশু ও কিশোরীর সংখ্যাও উল্লেখযোগ্য।
এ ছাড়া আত্মহত্যা, অপহরণ, নিখোঁজ এবং হত্যাকাণ্ডের ঘটনাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এপ্রিল মাসে মোট ৮৯ জন নারী, শিশু ও কিশোরী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যা আগের মাসের তুলনায় ১৬টি বেশি।
প্রতিবেদনটি আরও উল্লেখ করে, কিছু ক্ষেত্রে ধর্ষণচেষ্টার মতো গুরুতর অপরাধও স্থানীয় সালিশের মাধ্যমে আপস করে মীমাংসা করা হয়েছে, যা আইন ও বিচারব্যবস্থার প্রতি অবজ্ঞার ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ‘মব কালচার’ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এমএসএফের তথ্য অনুযায়ী, সেই প্রতিশ্রুতির পরও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং অবনতি ঘটেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে