দিক হারিয়ে ৬ দিন সাগরে ভাসার পর ২১ বাংলাদেশি উদ্ধার
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে দিক হারিয়ে ছয় দিন ধরে ভূমধ্যসাগরে ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ মোট ২৬ জনকে উদ্ধার করেছে ইউরোপীয় কোস্টগার্ড।
শুক্রবার রাতে গ্রিস উপকূলের ক্রিট দ্বীপের কাছে একটি রাবারের নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। বেঁচে ফেরা অভিবাসীদের ভাষ্য, যাত্রাপথে খাদ্য ও পানির তীব্র সংকটে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদান ও একজন চাদের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।
জীবিতরা জানান, গত ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর তোব্রুক থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করে নৌকাটি। তবে মাঝপথে দিক হারিয়ে ফেলে এবং প্রায় এক সপ্তাহ কোনো খাবার ও পানি ছাড়াই সাগরে ভেসে থাকে। এ সময় মারা যাওয়া অন্তত ২২ জনের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯ ও ২২ বছর বয়সী দক্ষিণ সুদানের দুই নাগরিককে মানবপাচারের সন্দেহে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ।
কোস্টগার্ড জানায়, নৌকাটি ক্রিটের দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েরাপেত্রা থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থান করছিল। প্রতিকূল আবহাওয়া এবং খাদ্য-পানির সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ৫৫৯ অভিবাসীর মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ২৮৭।
এর আগে গত ডিসেম্বরে ক্রিটের দক্ষিণ-পশ্চিমে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়; তখন জীবিত পাওয়া যায় মাত্র দুজনকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে