যমুনা সেতুর দুই পাশে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢলে আবারও ভয়াবহ যানজট লেগেছে যমুনা সেতুর দুই প্রান্ত। আগের মতো এবারও সেতুর পূর্ব ও পশ্চিম পাশে দীর্ঘ যানজটের মুখে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার রাত থেকে শুরু হওয়া যানজটে শনিবার সকাল পর্যন্ত সেতুর পূর্ব পাশে প্রায় ২০ কিলোমিটার এবং পশ্চিম পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় গাড়ি থেমে আছে।
যমুনা সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম জানায়, সেতু ও সংযোগ সড়কে তীব্র যানবাহনের চাপ, দুর্ঘটনা এবং যানবাহন বিকলের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ কাজ করে চলেছে।
যমুনা সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহম্মেদ বলেন, রাতের বেলায় পরিস্থিতি খারাপ হলেও শনিবার সকাল থেকে ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানজট কমে যাবে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানান, এখনো মহাসড়কে প্রচণ্ড যানবাহনের চাপ রয়েছে। দুর্ঘটনা ও গাড়ি বিকলের ঘটনা যানজটের পেছনে মূল কারণ। তবে পুলিশ ও সড়ক বিভাগ কাজ করছে, ফলে যানজট ধীরে ধীরে কমে আসছে।
উল্লেখ্য, ঈদের আগে ৫ ও ৬ জুন যমুনা সেতুর দুই পাশে তীব্র যানজটে পড়েছিলেন ঘরমুখো মানুষরাও। এবার ফিরতি পথে একই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে