গাজীপুরে ২০ কিলোমিটারজুড়ে যানজট, ঘরমুখো মানুষের ভোগান্তি
গাজীপুরের শিল্পাঞ্চলে কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়সহ আশপাশের এলাকায় প্রায় ২০ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেল থেকে মহাসড়কের এ অবস্থার আরও অবনতি হয়। সকাল থেকেই যাত্রীদের চাপ বাড়তে থাকে, দুপুরের পর একাধিক কারখানা ছুটি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বৃষ্টির কারণে ভোগান্তিও বেড়ে যায় যাত্রীদের।
জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কড্ডা থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এবং চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর পর্যন্ত আরও ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, বোর্ডবাজার, ভোগরা, চৌরাস্তা, রাজেন্দ্রপুর ও মাওনা এলাকাতেও যানবাহনের চাপ বাড়ে।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুর ছাড়াও সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জ থেকে হাজারো শ্রমিক ও যাত্রী উত্তর ও দক্ষিণাঞ্চলের উদ্দেশে গাজীপুর হয়ে রওনা হচ্ছেন। এতে মহাসড়কজুড়ে চাপ আরও বেড়েছে।
যাত্রীদের অভিযোগ, যানবাহনের ঘাটতি না থাকলেও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। স্বাভাবিক ভাড়ার তুলনায় কয়েকগুণ বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন।
নাওজোড় হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশ কাজ করছে। তবে কারখানা ছুটির কারণে যাত্রীচাপ বেড়েছে এবং ঈদের আগ পর্যন্ত এ চাপ অব্যাহত থাকতে পারে। বর্তমানে চন্দ্রা ও আশপাশ এলাকায় কয়েক কিলোমিটার যানজট রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে