সারাদেশে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার তেল উদ্ধার, ১০৫৩ মামলা
সরকার দেশজুড়ে অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৬৪ জেলায় মোট ৩ হাজার ১৬৮টি অভিযান চালিয়ে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ১ হাজার ৫৩টি মামলা করা হয়েছে, যার মধ্যে ১৬টিতে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
উদ্ধার হওয়া তেলের মধ্যে রয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার ডিজেল, ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রল। এছাড়া অবৈধ মজুতকারীদের কাছ থেকে ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সরবরাহ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। মার্চ শেষে ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল উদ্বৃত্ত আছে। পাশাপাশি ৩০ মার্চ ও ৩ এপ্রিল আরও দুটি জাহাজে ৫৪ হাজার ৬০০ টন ডিজেল দেশে আসার কথা রয়েছে। ভারত থেকে পাইপলাইনে তেল সরবরাহ অব্যাহত আছে এবং চীন, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থেকেও নতুন চালান আসবে।
মুখপাত্র আরও বলেন, কৃষকদের অগ্রাধিকার দিয়ে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে তালিকা অনুযায়ী বিতরণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো জেলা থেকে জ্বালানি সংকটের অভিযোগ পাওয়া যায়নি।
তিনি জানান, কিছু ক্ষেত্রে অতিরিক্ত কেনাকাটা ও অবৈধ মজুতের কারণে সাময়িক চাপ তৈরি হলেও সামগ্রিকভাবে মার্চ মাসে সরবরাহ স্বাভাবিক ছিল। ঈদকে সামনে রেখে কিছু ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত বেশি জ্বালানি সরবরাহ করা হয়েছে।
জ্বালানি বিভাগ জানায়, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে তেলের দামে প্রভাব পড়ছে। দেশে প্রতি মাসে জ্বালানির দাম সমন্বয় করা হয় এবং আগামী মাসের মূল্য নির্ধারণের প্রস্তাব পর্যালোচনায় রয়েছে।
সরকার জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের বাইরে নতুন উৎস থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাময়িক শিথিল হওয়ায় আগামী দুই মাসে রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এছাড়া ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের সঙ্গে আমদানি নিয়ে আলোচনা চলছে।
নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকেও জ্বালানি আমদানির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালি ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিতে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে